কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় এক যুবক ও চোরাই মাল কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে হোসেনপুর থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পশ্চিম দীপেশ্বর গ্রামের পারভেজ মোশাররফ ওরফে বেলা (২২) এবং নতুন বাজার এলাকার ইলেকট্রনিকস ব্যবসায়ী হলুদ মিয়া।পুলিশ জানায়, গত মে মাস থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ থেকে একে একে ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান মসজিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর হিসেবে পারভেজ মোশাররফকে শনাক্ত করেন। পরে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী হলুদ মিয়ার দোকানে অভিযান চালিয়ে দুটি চোরাই ফ্যান উদ্ধার করা হয়। হলুদ মিয়া জানান, তিনি পারভেজের কাছ থেকে প্রতিটি ৬০০ টাকা দরে চারটি ফ্যান কিনেছিলেন এবং এর মধ্যে দুটি ফ্যান ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করে দিয়েছেন।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, চোর পারভেজ মোশাররফ ও চোরাই মাল রাখার অভিযোগে ব্যবসায়ী হলুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজনীতি
হোসেনপুরে মসজিদের ফ্যান চোর ও ক্রেতা গ্রেপ্তার

শেয়ার করুন






