মার্কিন প্রশাসনের অভিবাসন নীতি প্রচারে নিজের গান ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে। সম্প্রতি হোয়াইট হাউজের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে তার ২০২৪ সালের গান ‘বাই’ ব্যবহার করা হয়। ভিডিওটিতে আইসিই এজেন্টসহ বিভিন্ন কর্মকর্তাকে মানুষ গ্রেপ্তার ও হাতকড়া পরাতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘বাই-বাই, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত নিশ্চিত করেছেন।’ এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে গ্র্যান্ডে ভিডিওটির মন্তব্য ঘরে লেখেন, ‘দয়া করে আমার সংগীত এই বর্বর, অমানবিক ও জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে ব্যবহার করবেন না।’ পরে ভিডিওটি থেকে গানটির অডিও সরিয়ে ফেলা হয়। গ্র্যান্ডের মন্তব্যের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, ‘অপরাধী অবৈধ অভিবাসীরাই প্রকৃতপক্ষে অমানবিক ও জঘন্য কাজের জন্য দায়ী।’ রাজনৈতিক বিষয়ে বরাবরই সরব অ্যারিয়ানা গ্র্যান্ডে চলতি বছরের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে ‘আইচ আউট’ লেখা একটি ব্যাজ পরেছিলেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় গান ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে এবিবিএ, অ্যাডেল ও জন ফগার্টির মতো শিল্পীরাও। সম্প্রতি গায়িকা অলিভিয়া রদ্রিগোও অভিবাসনবিষয়ক একটি সরকারি ভিডিওতে তার গান ব্যবহারের বিরোধিতা করেন।