রংপুর নগরীর হারাগাছ থানাধীন এলাকায় এক নারীর গোসলের নগ্ন ভিডিও গোপনে ধারণ করে টাকা দাবি, যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দুইজনকেই পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- হারাগাছ থানাধীন রংপুর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) ও একই এলাকার মজমুলের ছেলে মোকারেম মোকা (২০)।
আরও পড়ুন
গোসলের নগ্ন ভিডিও ধারণ করায় কারাগারে যুবক
মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার এসআই মাহাবুব রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এমদাদুল হককে আসামি করে হারাগাছ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে এমদাদুল জানায়, প্রতিবেশী ভাতিজা মোকারেম মোকার কাছ থেকে তিনি গোসলের নগ্ন ভিডিও নিয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকেও আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে মোকারেম জানায়, প্রায় সাত মাস আগে ভুক্তভোগী নারী নিজ বাড়িতে বাথরুমে গোসল করছিলেন। এ সময় গোপনে গোসলের নগ্ন ভিডিও ধারণ করেন তিনি।
দীর্ঘদিন পর গত ২০ জুলাই বিকেলে ওই নারীর হোয়াটসঅ্যাপে গোসলের নগ্ন ভিডিও পাঠিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন তিনি। কিন্তু ওই নারী কোনো সাড়া না দেওয়ায় সেই ভিডিও প্রতিবেশী চাচা এমদাদুলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন মোকারেম। পরে ২২ জুলাই দিনগত গভীর রাতে ওই নারীর হোয়াটসঅ্যাপে গোসলের নগ্ন ভিডিও পাঠিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক করার ম্যাসেজ দেন এমদাদুল।
মামলার তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, দুইজনের মোবাইলে ওই নারীর গোসলের নগ্ন ভিডিও এবং হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাওয়া গেছে। মোবাইল দুটি জব্দ করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুইজনকেই রংপুর আদালতে পাঠানো হয়েছে।
কোর্ট পরিদর্শক আবু সাঈদ চৌধুরী বলেন, দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিতু কবীর/এসজেডএইচ/এফএ








