‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’–এ অভিনয় করে দুনিয়াজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী ও গায়িকা আইইউয়ের প্রেম ভেঙে গেছে।
অভিনেতা লি জং-সকের সঙ্গে চার বছর ধরে প্রেম করছিলেন তিনি। সেই প্রেমের ইতি টানলেন তাঁরা। শুক্রবার দুই তারকার সংস্থাই এ তথ্য নিশ্চিত করেছে।
দুই তারকার প্রতিনিধিরা জানান, সম্প্রতি তাঁরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সহকর্মী হিসেবে তাঁরা সুসম্পর্ক বজায় রাখবেন।

লি জং-সক ও আইইউর প্রথম পরিচয় হয় ২০১২ সালে, যখন তাঁরা এসবিএসের সংগীত অনুষ্ঠান ‘ইনকিগায়ো’-এর সঞ্চালক ছিলেন। প্রায় এক দশকের বন্ধুত্বের পর ২০২২ সালের শেষ দিকে তাঁরা প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে নিশ্চিত করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুজনের ব্যস্ত কর্মসূচির কারণে একসঙ্গে সময় কাটানোর সুযোগ ক্রমেই কমে যায়। শেষ পর্যন্ত সে কারণেই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন তাঁরা।
আইইউ ২০০৮ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘গুড ডে’ ও ‘ইউ অ্যান্ড আই’–এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে অভিনয়েও সফলতা অর্জন করেন। সম্প্রতি তাঁকে ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ ও ‘পারফেক্ট ক্রাউন’ নাটকে দেখা গেছে।
সম্প্রতি ‘পারফেক্ট ক্রাউন’–এর সম্প্রচার শেষ হয়েছে। এখন আইইউ তাঁর নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। আগামী সেপ্টেম্বরে গোয়াং স্টেডিয়ামে তাঁর একটি কনসার্ট করারও কথা রয়েছে।
লি জং-সক ২০০৫ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে ‘প্রসিকিউটর প্রিন্সেস’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ‘সিক্রেট গার্ডেন’, ‘আই ক্যান হিয়ার ইয়োর ভয়েস’ এবং ‘পিনোকিও’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন।
শিগগিরই তাঁকে ডিজনি প্লাসের নতুন সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ দেখা যাবে।
কোরিয়া হেরাল্ড অবলম্বনে








