টানা বর্ষণে হ্রদে পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে। সচল হয়েছে কেন্দ্রের ৫টি ইউনিট। উৎপাদন হচ্ছে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ। কেন্দ্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের সর্বোচ্চ উৎপাদনক্ষমতা ২৪০ মেগাওয়াট।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, মঙ্গলবার রাত ৮টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ৭৯ দশমিক ৮৬ ফুট বা এমএসএল (মিন সি লেভেল)। তবে রুলকার্ভ অনুযায়ী এ সময়ে হ্রদে পানি থাকার কথা ৮৪ দশমিক ৯৬ ফুট। হ্রদে পানি স্বল্পতায় কয়েক মাস ধরে কখনো একটি কখনো দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে।