মায়ামির রাতটা শেষ হয়েছিল আর্জেন্টিনার উল্লাসে। গ্যালারিজুড়ে তখন আকাশি-সাদা পতাকার ঢেউ, মেসির নামধ্বনি আর শেষ ষোলো নিশ্চিত করার আনন্দ। কিন্তু মাঠের এক কোণে অন্য এক দৃশ্য ফুটে উঠছিল। চোখে জল নিয়ে মাটিতে বসে ছিলেন কেপ ভার্দের ফুটবলাররা। হারার কষ্ট ছিল, কিন্তু পরাজয়ের সেই কান্নার মাঝেও লুকিয়ে ছিল গর্ব, এক জাতির আত্মপরিচয় তুলে ধরার বিজয়।
স্কোরবোর্ড বলছে, আর্জেন্টিনা ৩ ও কেপ ভার্দে ২। কিন্তু বিশ্বকাপের এই রাতের গল্প শুধু ফলাফলের নয়; গল্পটা এমন এক দলের, যারা বিশ্ব চ্যাম্পিয়নদেরও বুঝিয়ে দিয়েছে—ফুটবল শুধু অর্থ, তারকা কিংবা ইতিহাসের খেলা নয়; সাহস, বিশ্বাস আর স্বপ্নেরও খেলা।
মাত্র পাঁচ লাখের কিছু বেশি মানুষের দেশ কেপ ভার্দে। বিশ্বকাপের নকআউটে ওঠা ইতিহাসের সবচেয়ে ছোট দেশ। নেই জমজমাট ঘরোয়া লিগ, নেই ইউরোপের পরাশক্তিদের মতো বিপুল অবকাঠামো। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী ফুটবলারদের নিয়েই গড়া দলটি। অথচ সেই দল স্পেনকে গোলশূন্য আটকে দিয়েছে, উরুগুয়ের সঙ্গে ড্র করেছে, আর শেষ পর্যন্ত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়েছে।
শেষ বত্রিশে প্রতিপক্ষ অধিকাংশের ধারণা ছিল, এখানেই রূপকথার সমাপ্তি। কিন্তু মায়ামির সেই রাত কেপ ভার্দে লিখল অন্যভাবে।
লিওনেল মেসি গোল করেছিলেন, কিন্তু রাতের সবচেয়ে উজ্জ্বল নায়ক ছিলেন অন্য কেউ। ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। একের পর এক অবিশ্বাস্য সেভে তিনি আর্জেন্টিনার আক্রমণ থামিয়েছেন। মেসির নিশ্চিত গোলও ফিরিয়ে দিয়েছেন অসাধারণ দক্ষতায়। ক্লাবহীন এই অভিজ্ঞ গোলরক্ষক বিশ্বকাপে এমন এক পরিচিতি পেলেন, যা হয়তো তাঁর পুরো ক্যারিয়ারেও পাননি।
তবে কেপ ভার্দের গল্প শুধু ভোজিনিয়ার নয়, আর্জেন্টিনার বিপক্ষে যারা দুবার পিছিয়ে পড়েও দুবারই সমতায় ফিরেছে। দেরয় দুয়ার্তের গোল যেমন দেখিয়েছে আত্মবিশ্বাস, তেমনি সিদনি কাব্রালের অতিরিক্ত সময়ে করা দুর্দান্ত গোলটি হয়ে থাকবে এই বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
শেষ পর্যন্ত ভাগ্য তাঁদের পাশে ছিল না। ক্রিস্তিয়ান রোমেরোর হেড দিনেই বোর্জেসের গায়ে লেগে আত্মঘাতী গোলে পরিণত হয়। মুহূর্তেই ভেঙে যায় টাইব্রেকারে যাওয়ার স্বপ্ন। কিন্তু ফুটবলের ইতিহাসে এমন কিছু হার আছে, যেগুলো জয়কেও ছাপিয়ে যায়। কেপ ভার্দের এই বিদায় ঠিক তেমনই। যাদের হারাতে বিশ্ব চ্যাম্পিয়নদেরও খেলতে হয় ১২০ মিনিট।
ম্যাচ শেষে কোচ বুবিস্তার কণ্ঠে হতাশার চেয়ে বরং গর্বই ফুটে ওঠে। ‘আমরা নিজেদের পরিচয় তুলে ধরেছি’—একটি বাক্যেই যেন তিনি পুরো বিশ্বকাপ অভিযানের সারাংশ বলে দিলেন। আর ডিফেন্ডার পিকু লোপেসের কথায় ধরা পড়ল এই বিশ্বকাপের সবচেয়ে বড় অর্জন, ‘এখন আর কেউ জিজ্ঞেস করে না, কেপ ভার্দে কোথায়।’
সম্ভবত এটাই তাদের সবচেয়ে বড় জয়। বিশ্বকাপে আসার আগে যাদের অনেকে চিনতেন না, বিদায়ের সময় তারা হয়ে উঠেছে নিরপেক্ষ সমর্থকদের প্রিয় দল। নিরপেক্ষ সমর্থকেরাও তাদের জন্য হাততালি দিয়েছেন, চোখ ভিজিয়েছেন।
বিশ্বকাপ চার বছর পরপর নতুন নায়কের জন্ম দেয়। এই বিশ্বকাপও দেবে। কিন্তু ২০২৬ বিশ্বকাপ মনে রাখা হবে আরেকটি নামের জন্যও—কেপ ভার্দে। কারণ, সব রূপকথার শেষ ট্রফি দিয়ে হয় না। কিছু রূপকথা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েই অমর হয়ে যায়।








