রাজনীতি, ক্ষমতার অন্দরমহল এবং অভিজাত সমাজের অন্ধকার জগতকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’। সিনেমাটি পরিচালনা করবেন এমডি ইকবাল। এক্সেল ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। 

নির্মাতার দাবি, ‘গুলশানের চামেলি’ শুধু একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এতে উঠে আসবে রাজনীতির অন্তরালের নানা বাস্তবতা, এলিট সমাজের অপরাধচক্র এবং পতিতাবৃত্তিকে ঘিরে গড়ে ওঠা অন্ধকার জগতের গল্প। পুরো কাহিনিজুড়ে থাকবে একের পর এক চমকপ্রদ মোড়। 

সিনেমাটি ঘিরে রয়েছে নানা চমক। তা উল্লেখ করে এমডি ইকবাল বলেন, “সিনেমাটির গল্পে দর্শক একের পর এক টুইস্ট পাবেন। আব্দুল্লাহ জহির বাবু অসাধারণ একটি গল্প লিখেছেন। শিল্পী নির্বাচনেও আমরা চমক রাখছি। তবে এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না।” 

আশাবাদ ব্যক্ত করে এমডি ইকবাল বলেন, “বড় পরিসরে অন্ধকার জগতের একটি গল্প তুলে ধরা হবে। যেহেতু এটি ঈদের সিনেমা, তাই দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই নির্মাণ করছি। আশা করছি, উৎসবের আমেজে দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।” 

যদিও সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে নির্মাতা জানিয়েছেন, কাস্টিংয়েও বিশেষ চমক থাকবে। 

এমডি ইকবাল চলচ্চিত্রাঙ্গনে প্রথমে প্রযোজক হিসেবে পরিচিতি পান। তার প্রযোজিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’ এবং ‘বীর’। পরে নির্মাণে পা রাখেন। ‘ডেডবডি’, ‘কিল হিম’ ও ‘রিভেঞ্জ’ পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবেও নিজের অবস্থান শক্ত করেন।