বর্তমান বিএনপি সরকার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটের ভিত্তিতে নয়, বরং ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আবদুছ ছালাম আজাদ। তিনি বলেন, ক্ষমতায় আসার পরপরই এই সরকার ব্যাংক দখল ও লুটপাটের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে।শনিবার (৪ জুলাই) বিকেলে বান্দরবানে ১১-দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশ ও গণমিছিলে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় কার্যকর ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে আবদুছ ছালাম আজাদ সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা হিসেবে কাজ করছেন, নাকি নতুন কোনো ফ্যাসিবাদতন্ত্রের জন্ম দিতে চান, তা জাতি জানতে চায়।’তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে জনগণের অধিকার আদায়ে দেশে আরও একটি ‘জুলাই অভ্যুত্থান’ সৃষ্টি হবে। তখন সরকারের পালানোর পথ থাকবে না।১১-দলীয় জোটের নেতারা অভিযোগ করেন, বর্তমান শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যাংক সেক্টরে অস্থিরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তারা সরকারকে রাজনৈতিক সংঘাত পরিহার করে সব দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্যথায় আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন জোটের শরিক দলের নেতারা।বান্দরবান জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মংশৈপ্রুসহ ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
রাজনীতি
ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে বিএনপি সরকার : বান্দরবানে জামায়াত আমির

শেয়ার করুন







