দক্ষিণ ইরানজুড়ে আবারো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (১২ জুলাই) ভোরে নতুন এই মার্কিন হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় একাধিক তীব্র বিস্ফোরণ ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, বুশেহর প্রদেশের দায়ের এলাকায় পাঁচটি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে তিনটি, সিরিক অঞ্চলে দুটি এবং চাবাহারের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও আসালুয়েহ এবং বন্দর দায়েরের অন্যান্য এলাকাতেও বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হরমুজগান প্রদেশের জাস্ক এলাকায় অন্তত চারটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। পাশাপাশি হরমুজ প্রণালির কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। তবে এই ধারাবাহিক হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাযুক্ত একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালিয়েছে। এর জবাবে চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফায় এই অভিযান চালানো হলো।

সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াই ছিল এই অভিযানের লক্ষ্য।