কানাডার টরন্টো শহরের একটি জনপ্রিয় সড়ক উৎসবে বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে বার্ষিক সালসা উৎসব চলাকালীন এই সহিংসতার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ১২ মিনিটে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে একজন বন্দুকধারীর উপস্থিতির খবর পান তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

টরন্টো পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলটি সুরক্ষিত করতে সক্ষম হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে তদন্ত ও নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী বা হামলাকারীদের এখনো চিহ্নিত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

টরন্টো পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলা হয়েছে, ‘আমরা ঘটনাস্থলটি কর্ডন (ঘিরে) করে রেখেছি। তদন্তের স্বার্থে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউ এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখার অনুরোধ করা হচ্ছে।’

অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ‘অবিবেচকের মতো নৃশংস সহিংসতা’ বলে অভিহিত করেছেন।

ডগ ফোর্ড বলেন, ‘এই হামলায় দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার জন্য যে বা যারা দায়ী, তাদের অবশ্যই খুঁজে বের করে আইনের মুখোমুখি করতে হবে এবং বাকি জীবন কারাগারের ভেতরে কাটাতে হবে।’

বিবৃতিতে তিনি দ্রুত সাড়া দেওয়া জরুরি সেবা কর্মীদের (ফার্স্ট রেসপন্ডার) ধন্যবাদ জানান এবং হামলায় ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউ টরন্টোর মধ্যবর্তী অঞ্চলের একটি ব্যস্ত সড়ক, যা বিভিন্ন দোকানপাট ও রেস্তোরাঁর জন্য পরিচিত। প্রতি বছর এই সড়কে ঐতিহ্যবাহী লাতিন উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ অনুষ্ঠিত হয়।

লাইভ মিউজিক, নাচ ও নানা আয়োজনে ভরপুর এই সড়ক উৎসবটি এবার ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটি ছিল উৎসবটির ২২তম আয়োজন। তবে উৎসব চলাকালীন এই মর্মান্তিক হামলার ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।