গত দুই সপ্তাহে ইরানের ক্রমবর্ধমান হামলায় প্রায় ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের বরাত দিয়ে মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনাসহ মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার অজানা কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এর নাবিকরা জাহাজটি ছেড়ে একটি লাইফবোটে উঠতে বাধ্য হয়।
কুয়েত, বাহরাইন এবং জর্ডান হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে বলে জানিয়েছে। তবে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলের বিভিন্ন স্থাপনায় বিপুল সংখ্যক মার্কিন সেনা আহত হওয়ায় ইরানের প্রতিশোধমূলক হামলাগুলো আরো বেশি তদন্তের আওতায় আসবে বলে মনে করা হচ্ছে।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, আহতদের সিংহভাগই কেবল ‘সামান্য আঘাত’ পেয়েছেন এবং ৯৬ শতাংশ ইতোমধ্যে কাজে ফিরেছেন। ইরানের হামলায় সেনাদের আহত হওয়ার তথ্য পেন্টাগন গোপন করেছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের জবাবে পার্নেল এই কথা বলেন। তিনি পেন্টাগনের আহতদের তথ্য গোপন করার অভিযোগ অস্বীকার করেছেন।
গত সপ্তাহে জর্ডান ও ইরাকে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন।
টানা ১০ রাতের মার্কিন বিমান হামলা তেহরানকে হরমুজ প্রণালির ওপর থেকে নিয়ন্ত্রণ শিথিল করতে বাধ্য করতে পারেনি। এদিকে, সোমবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।
এই নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে একজন হুথি কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের ‘১০ বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনীয়দের ওপর চালানো অন্যায় অবরোধের’ জবাবে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মানদেব প্রণালিটি সৌদিদের জন্য বন্ধ করে দেওয়া হবে।








