ইসলামিক ফাউন্ডেশনের নাম ব‌্যবহার ক‌রে দে‌শের ইমাম, খ‌তিব ও মসজিদ ক‌মি‌টি‌র স‌ঙ্গে প্রতারণায় নে‌মে‌ছে এক‌টি চক্র। এ বিষয়ে সকল‌কে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়েছে প্রতিষ্ঠানটি।  

শ‌নিবার (১১ জুলাই) এক বিজ্ঞ‌প্তি‌তে এ আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে বলে ইসলামিক ফাউন্ডেশনের নজরে এসেছে।

প্রতারক চক্রটি কখনো টেলিফোন, কখনো মোবাইল ফোন, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনলাইন মাধ্যমে যোগাযোগ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে। বিশেষ করে তারা ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, মসজিদের বেতন-ভাতা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য জানতে চাইছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় কিংবা এর কোনো জেলা বা উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। কোনো আর্থিক সুবিধা, সম্মানী, ভাতা, অনুদান বা অন্য কোনো সরকারি সুবিধা প্রদানের নামে যদি কেউ ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য অথবা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তবে তা প্রতারণা হওয়ার আশঙ্কা বেশি।

এমতাবস্থায় দেশের সকল ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রদান না করার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করে নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন দেশের মসজিদভিত্তিক বিভিন্ন কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।