ইসলামিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এই শিক্ষায় ‘বেস্ট স্কলার’ তৈরি করতে হবে। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে (টিভেট) সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি জায়গায়, টিভেট ইজ লাইফ লং লার্নিং। আমরা আপনাদের কোর্স কারিকুলামের ভেতরে ফাজিল, কামিল, দাখিল, আলিম যেগুলো রয়েছে-এই মাদ্রাসা সেক্টরে আমরা আস্তে আস্তে টিভেট ইনক্লুড করব। আমাদের সায়েন্স, আর্টস, কমার্স সবই রয়েছে। এখন, উই নিড টু ইনক্লুড মোর টিভেট।

এহছানুল হক মিলন বলেন, মাদ্রাসা সেক্টরকে ডেভেলপ করতে হবে। আমরা ইসলামিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। মাদ্রাসা ও ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই শিক্ষায় বেস্ট স্কলার হতে হবে। তিনি আরও বলেন, ইসলামি শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। এ খাতকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা, দক্ষ শিক্ষক এবং যুগোপযোগী কারিকুলামের বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খান।