ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউসিবির ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু করা হবে। বিদ্যমান প্রতি দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার (১:২) বরাদ্দ দেওয়া হবে। প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে।
রাইট শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ ব্যাংকটির মূলধন ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে জানা গেছে।







