ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। টাঙ্গাইলের ১২টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা নানা মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সদর উপজেলার ১২টি ইউনিয়নে অর্ধশতাধিক চেয়ারম্যান প্রার্থী নানাভাবে আলোচনায় রয়েছেন। ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে নেতারা শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এছাড়া ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে আওয়ামী লীগের বেশির ভাগ নেতা এখনো নীরব ভূমিকায় রয়েছেন। জানা যায়, দলটির কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।
অপরদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ-অধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারাও নির্বাচন করতে চান।
সম্ভাব্য প্রার্থীদের অনেকে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার সাঁটিয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি তারা প্রচারপত্র বিলি, উঠান বৈঠক, সমাবেশ-পথসভা এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের তথ্যমতে, টাঙ্গাইল সদরের ছিলিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুজায়েত হোসেন মোল্লা, প্রয়াত সাবেক চেয়ারম্যান শামসুল হকের ছেলে আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সহসভাপতি বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদল, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাদেক আলী সম্ভাব্য প্রার্থী হিসাবে কাজ করছেন।
বাঘিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সোহাগ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সরোয়ার হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান মজনু, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক চেয়ারম্যান হাজী মগবুল হোসেনের ছেলে কায়সার মিয়া প্রার্থী হতে দৌড়ঝাঁপ করছেন।
প্রার্থী হতে কাজ করছেন ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহীন মিয়া। নির্বাচনি কর্মকাণ্ড চালাচ্ছেন কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নুল আবেদীন।
গালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম আবারও প্রার্থী হতে চান। এছাড়া মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ হামিদ, পোড়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শাহাদৎ হোসেন, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আমিনুর হোসেন লিটন ও মো. শরিফ দৌড়ঝাঁপ করছেন।
কাতুলী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন নির্বাচনি কর্মকাণ্ড চালাচ্ছেন। করটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী, বিএনপি নেতা সৈয়দ জাদিদুল হক আলোচনায় আছেন। এছাড়া মাহমুদনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসলাম সিকদার, মো. মিজানুর রহমান, মো. আমিরুল ইসলাম, মো. বাবু মিয়া ও মো. মাজেদ তালুকদারকে সক্রিয় দেখা গেছে।
জানা যায়, করটিয়া ইউনিয়নে জামায়াত নেতা অধ্যক্ষ মো. জাহানুর চৌধুরী, গালা ইউনিয়নে অধ্যাপক নুরুজ্জাহিদ ও ঘারিন্দা ইউনিয়নে মাওলানা শরিফুল ইসলাম নির্বাচন সামনে রেখে কর্মকাণ্ড চালাচ্ছেন।
ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহীন বলেন, দলের জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। দীর্ঘদিন সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। ঘারিন্দার মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন বলে আমি মনে করি।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসাইন বলেন, আমাদের সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক জনসংযোগ করে যাচ্ছেন। প্রার্থিতা চূড়ান্ত করা হয়নি। পরবর্তী সময়ে বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে।
জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল বলেন, তৃণমূলে এনসিপির জনপ্রিয়তা রয়েছে। তবে ইউপিতে প্রার্থী হিসাবে এখন পর্যন্ত কারও নাম ঘোষণা করা হয়নি।








