রাজধানীতে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। তবে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যাওয়ায় বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী হতাহত হননি।
রবিবার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে শহীদ মিনারের পাশে পার্ক করে রাখা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর আছড়ে পড়ে। এতে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় কোনো শিক্ষার্থী, চালক বা কর্মচারী আহত হননি। তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, “আজকে সকালবেলা ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর এক বড় গাছ ভেঙে পড়ে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ায় গাড়িটির আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে।”
ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছ প্রসঙ্গে তিনি বলেন, “ক্যাম্পাসে অনেকগুলো ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এই গাছগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা। এই গাছ যদি শিক্ষার্থীদের ওপর পড়ত, তাহলে হতাহতের সম্ভাবনা দেখা দিত। তাই প্রশাসনের উচিত এই গাছগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।”








