ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আবাসিক শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় প্রতিটি ম্যাচ দেখার পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠান ‘উপায়’-এর সহযোগিতায় ১ টাকায় সিঙারা খাওয়ার সুযোগও রাখা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্বকাপ চলাকালে হলের কমনরুমে বড় পর্দায় প্রতিটি ম্যাচ সম্প্রচার করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা ও বিভিন্ন সাজসজ্জায় কমনরুমকে উৎসবের আমেজে সাজানো হয়েছে। একইসঙ্গে স্পন্সর প্রতিষ্ঠান ‘উপায়’-এর সহযোগিতায় প্রতিটি ম্যাচ চলাকালে শিক্ষার্থীরা মাত্র ১ টাকায় সিঙারা কিনতে পারছেন।
শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল সংসদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, “বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়, সেটিকে আরো আনন্দময় করতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। স্পন্সর প্রতিষ্ঠানের সহযোগিতায় সাজসজ্জা ও ১ টাকায় সিঙারার ব্যবস্থাও করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।”
হল সংসদের ক্রীড়া সম্পাদক মো. হাসিবুল ইসলাম বলেন, “বিশ্বকাপ শুধু খেলা নয়, এটি শিক্ষার্থীদের মিলনমেলারও উপলক্ষ। আমরা চাই সবাই নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে একসঙ্গে খেলা উপভোগ করুক। এমন আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় করবে।”
প্রতিদিন খেলা শুরুর আগেই কমনরুমে ভিড় করছেন শিক্ষার্থীরা। প্রিয় দলের জার্সি পরে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় ম্যাচ দেখা, গোল উদযাপন এবং ১ টাকায় সিঙারা—সব মিলিয়ে বিশ্বকাপকে ঘিরে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলে তৈরি হয়েছে প্রাণবন্ত উৎসবের আবহ।
হল সংসদ জানিয়েছে, বিশ্বকাপজুড়েই এ আয়োজন চলবে। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।








