জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সীরাত পাঠক ফোরাম, জবির উদ্যোগে এই পরীক্ষার আয়োজন করা হয়।
‘রাসূলে আরাবি (সা.)’ নামের সীরাত গ্রন্থটির ওপর ভিত্তি করে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন। ২০২০ সাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গত বছরের ৯ নভেম্বর প্রতিযোগিতার প্রথম পর্ব অর্থাৎ বহুনির্বাচনি পরীক্ষা অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। কঠোর ও নিখুঁত মূল্যায়ন শেষে উক্ত পরীক্ষার্থীদের মধ্য থেকে সেরা ১০০ জনকে চূড়ান্ত লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিতহয়।
আরও পড়ুনসিরাত পাঠ কেন অপরিহার্য?
পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিরাত পাঠক ফোরাম, জবির পরিচালক মো. মিলন হাসান এবং সহকারী পরিচালক মো. রাসেল। এছাড়াও ফোরামের অন্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিব মোহাম্মদ ফারুক এবং মো. শাকিল আহমেদ।
প্রতিযোগিতার সার্বিক সাফল্য নিয়ে সিরাত পাঠক ফোরাম, জবির পরিচালক মো. মিলন হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে রাসুলুল্লাহ (সা.) এর সুমহান জীবনদর্শন ও নৈতিকতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ২০২০ সাল থেকে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এবারও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। আজকের তরুণ সমাজের নৈতিক চরিত্র গঠনে সিরাত পাঠের কোনো বিকল্প নেই।
আরও পড়ুন
শেকৃবি শিবিরের সিরাত প্রতিযোগিতায় ২য় খ্রিস্টান শিক্ষার্থী
আয়োজনের সমাপ্তি ও ফলাফল নিয়ে ফোরামের সহকারী পরিচালক মো. রাসেল জানান, বহুনির্বাচনি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে আমরা সেরা ১০০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করেছিলাম। অত্যন্ত সুষ্ঠুভাবে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই আমরা যথাযথ মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করবো এবং এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে আগামী দিনগুলোতেও সিরাত পাঠক ফোরাম, জবির এমন আয়োজন অব্যাহত থাকবে।
টিএইচকিউ/এমএমকে








