জগন্নাথপুরে গরু খেতের ধানের চারা খাওয়ায় দুপক্ষের সংঘর্ষে সেলিম মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর বাড়িসংলগ্ন জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের জমির আলীর খেতের ধানের চারা গরুতে খেয়ে ফেললে লাল মিয়ার ছেলে জিয়াউল হক এবং মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে জিয়াউল হকের পক্ষে দুলাল মিয়া এবং জমির আলীর পক্ষে সেলিম মিয়া, রফিক মিয়াসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত সেলিম মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।







