সুদের কবর রচনা করে দেশে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এই দাবি করেন তিনি।

এ বিষয়ে আলেমদের সমন্বয়ে একটি কমিটি ও জাকাত মন্ত্রণালয় গঠনের প্রস্তাব জানিয়ে মুজিবুর রহমান বলেন, ‘জাকাতভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। বাংলাদেশেও সুদ বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল। কিন্তু ‘শকুনের দৃষ্টি’ ইসলামী ব্যাংকের ওপর পড়ার কারণে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে।

তিনি আরও বলেন, আল্লাহতায়ালা সুদকে ধ্বংস করেন এবং জাকাত ও সাদকাকে বৃদ্ধি করেন। মালয়েশিয়ায় সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ এই জাকাতভিত্তিক অর্থনীতি করার, সুদ বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তান।

এমওএস/এসএনআর