জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। সোমবার (২৯ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটের বিস্তারিত তুলে ধরেন পৌরসভার প্রশাসক মৌসুমী খানম।ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা। বছর শেষে উদ্বৃত্ত থাকবে প্রায় ২ কোটি ১ লাখ ৫১ হাজার ২০৪ টাকা। গত ২৪ জুন প্রশাসকের সহায়তা কমিটির বিশেষ সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট অনুমোদন দেওয়া হয়।বাজেটে আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রাজস্ব খাতে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা এবং সরকারের উন্নয়ন সহায়তা (এডিপি) তহবিলসহ ৪টি উন্নয়ন প্রকল্পে ২৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৫৯৯ টাকা আয় ধরা হয়েছে। এ ছাড়া পানি সরবরাহ শাখা থেকে প্রায় ৫২ লাখ এবং কোভিড-১৯ মোকাবিলা (এলজিসিআরআরপি) খাত থেকে ৫ কোটি ৭৯ লাখ টাকা আয় ধরা হয়েছে। কুয়েতের অর্থায়নে নগর অবকাঠামো উন্নয়ন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতেও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, প্রায় ৫৩ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম এই পৌরসভায় বর্তমানে প্রায় দুই লাখ মানুষের বসবাস। নাগরিক সেবা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, শহরকে আলোকিত করা ও রাস্তাঘাটের টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।মৌসুমী খানম আরও বলেন, শহর সমন্বয় কমিটির সঙ্গে আলোচনা করে জনবান্ধব এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সময়মতো বরাদ্দ পাওয়া গেলে পরিকল্পিত উন্নয়নের সুফল দ্রুত পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।সংবাদ সম্মেলনে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।