নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে গড়ে তোলা দুটি চুন কারখানার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
আজ সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ গ্যাস-সংযোগে ব্যবহৃত পাইপ ও ভার্নার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে চুনের কারখানা গড়ে তোলেন। এতে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দুটি চুন কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে কারখানার মালামাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় চুনের কারখানার মালিককে সহযোগিতা করায় কামাল হোসেন নামের একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ পুলিশ সদস্যরা।








