ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক ও হেলপার আহত হন।

কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, নিহতরা জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। তাদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই আব্দুর রহিম আরও জানান, সকালে চারগাছ এলাকা থেকে ইট নিয়ে আসার সময় মান্দারপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও হেলপারকে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান।