চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পালান আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পালান আলী ওই এলাকার মৃত ছইরুদ্দিন মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে পালান আলীর পরিবারের সঙ্গে একই এলাকার ইদবার আলীর পরিবারের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পালান আলী বাঁশের আঘাতে গুরুতর আহত হন বলে অভিযোগ রয়েছে।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রতন আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ইদবার আলীর পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে তার বাবাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মারধরের আঘাতে নাকি স্ট্রোকে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

হুসাইন মালিক/কেএইচকে/জেআইএম