চট্টগ্রাম নগরে ব্যবসায়ীর কাছে দুই কোটি টাকা চাঁদা দাবির পর তাঁর মালিকানাধীন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িত কাউকে দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা।

গতকাল সোমবার দুপুরে নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের হামলা চালায় সন্ত্রাসীরা। ওই সময় লুট করে নিয়ে যায় ৩৫ লাখ টাকা। এর দুই দিন আগে বিদেশের একটি নম্বর থেকে ফোন করে ওই প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। ব্যবসায়ী আদিলের কাছে ফোন করা ওই ব্যক্তি নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে বলেন, ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দেবেন। মাসে দেবেন ১০ লাখ। এখন থেকে ব্যবসা আমরা করব।’ মুঠোফোনে ডেভিড ইমন হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি নিজেকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী বলে দাবি করেন। তবে সাজ্জাদ আলী মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

এদিকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয়। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সদস্যরা এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। গ্রেপ্তার করা না হলে ইন্টারনেট-সেবা বন্ধের এই হুঁশিয়ারি দেন তাঁরা। সংবাদ সম্মেলনের পর প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করেন চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার। তিনি বলেন, গত শনিবার ডিডিএনের কাছে ফোনে চাঁদা দাবি করা হয়। পরদিন সোমবার দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তার অভাবে কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন।

রাজিব শাহরিয়ার বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত চাঁদাবাজি, হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। এটি কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়; বরং পুরো আইএসপি খাতের জন্য একটি বড় নিরাপত্তাসংকট।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ডিডিএনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দেশের সব আইএসপি প্রতিষ্ঠান ও তাদের নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা, আইএসপি খাতে সংঘটিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণ।

আইএসপিএবির নেতারা বলেন, জনস্বার্থে এখন পর্যন্ত ইন্টারনেট-সেবা চালু রাখা হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে তারা কঠোর কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট-সেবা বন্ধ করতে বাধ্য হবেন।

‘আমরা আতঙ্কের মধ্যে আছি’

ডিজিটাল ডট নেটে হামলা ও টাকা লুটের ঘটনায় সোমবার রাতেই চকবাজার থানায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের আসামি করে মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ ডিডিএনের কার্যালয়ে ঢুকে পড়ে। দেশি অস্ত্রধারী ওই ব্যক্তিরা অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মুঠোফোন এবং বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে আঘাত করতে দেখা যায়। এ সময় তাঁরা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখান।

প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন প্রথম আলোকে বলেন, ‘দুই দিনে একজনও আসামি গ্রেপ্তার হওয়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি। প্রতিষ্ঠানের কর্মকর্তারা আসতে ভয় পাচ্ছেন। ঘটনার পরও পুলিশ পাহারা ছিল না। আজ বিকেলে পুলিশ এসেছে।’

জানতে চাইলে নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আতঙ্কিত হওয়ার কিছু নেই।