রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় নওরীন নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মো. নাজিম উদ্দিন জানান, তাঁরা বেগুনবাড়িতে থাকেন। তিনি পেশায় রিকশাচালক আর শিশুটির মা শিরিন আক্তার গৃহিণী। তাঁদের একমাত্র সন্তান নওরীন। বিকেলে বাবা-মা দুজনের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল। তখন বাবার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় শিশুটি। সঙ্গে সঙ্গে একটি অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়লে মাথায় গুরুতর আঘাত পায় সে।

সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।