চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াত।

মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এক বিবৃতিতে ওই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে চট্টগ্রাম মহানগর জামায়াত আমির বলেন, চট্টগ্রাম নগরীতে দিনে-দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের প্রকাশ্য তাণ্ডব, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের পাকড়াও করুন: জামায়াত আমির

তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে অপরাধপ্রবণতা আরও বাড়বে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা গভীরতর হবে। একের পর এক অভিনব কায়দায় সংঘটিত অপরাধ প্রমাণ করে যে দুর্বৃত্তরা কোনো না কোনোভাবে প্রশ্রয় বা সাহস পাচ্ছে। জনগণের স্বাভাবিক প্রশ্ন, এদের খুঁটির জোর কোথায়?

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো নাগরিকের জানমাল ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু, ধারাবাহিকভাবে ঘটে চলা এসব ঘটনায় মানুষ আস্থাহীন হয়ে পড়ছে। সরকারকে কার্যকর পদক্ষেপ নিয়ে অপরাধ দমন, চাঁদাবাজি বন্ধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে তিনি ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত করে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এমডিআইএইচ/এএমএ