২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর কঠোর আত্মসমালোচনা করেছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাম্প্রতিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, জার্মানি আর বিশ্বের প্রথম সারির ফুটবলশক্তি নয়।
ম্যাচ শেষে নাগেলসমান বলেন, ‘আমরা এখন আর প্রথম সারির কোনো দল না।’
দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে তিনি স্বীকার করে বলেন, ‘বড় দল হিসেবে যে মান ধরে রাখার কথা, জার্মানি সেটি দেখাতে পারেনি।’
তবে সমালোচনার মুখেও দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেননি ৩৮ বছর বয়সী এই কোচ। নাগেলসমানের ভাষায়, ‘আমি পালিয়ে যাওয়ার মানুষ নই।’
তিনি জানান, জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) চাইলে তিনি দায়িত্ব চালিয়ে যেতে প্রস্তুত এবং দলকে আবারও শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাবেন।
২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে ধারাবাহিকভাবে বড় টুর্নামেন্টে প্রত্যাশা পূরণ করতে পারেনি জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবারও নকআউটের প্রথম ধাপেই থেমে গেল তাদের অভিযান। ফলে ইউরোপের অন্যতম সফল ফুটবল জাতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
টিটিটি/আইএন








