চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি জরুরি ভিত্তিতে দুর্যোগপীড়িত অঞ্চলে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি জলাবদ্ধতায় দুর্গত মানুষদের উদ্ধার করারও আহবান জানান। শুক্রবার পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে ইতোমধ্যে পরিস্থিতির অবনতি ঘটেছে। জলবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। অনেক অঞ্চলে এখনো কোনো ত্রাণসামগ্রী পৌঁছেনি, হাজার হাজার মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছে। তিনি আরও বলেন, হাওর অঞ্চলে বিশেষ করে নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলবীবাজার ও হবিগঞ্জেও পরিস্থিতির অবনতি হচ্ছে। হাওর এলাকার লাখ লাখ মানুষ অসহায় জীবনযাপন করছে। পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, চুন্নু সিকদার, জামাল সিকদার, সালাউদ্দিন আরিফুল ইসলাম, নান্টু দাস প্রমুখ।