প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন ও দেশের উন্নয়নের জন্য কাজ করা হবে এবং সেখানে জাতীয় পার্টিও (কাজী জাফর) থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ের আন্দোলনগুলোতে বিএনপির পাশে ছিল কাজী জাফর আহমেদের জাতীয় পার্টি। আর কাজী জাফর আহমেদ ছিলেন একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা। বিভিন্ন শ্রমিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। তার কাছ থেকে রাজনীতিবিদরা অনেক কিছু শিখেছেন।’
স্মরণসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান এবং পার্টির মহাসচিব কাজী মো. নাহিদ।








