জয়পুরহাটের আক্কেলপুরে ৭ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মন্ডল (৫৮) নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে বলে জানা গেছে।

মামলার বিবরণে জানা গেছে, ১৩ বছর বয়সি ওই শিশু স্থানীয় একটি মাদরাসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করতেন। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টায় মাদ্রাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিলেন ওই শিশু। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল ওই শিশুকে ধর্ষণ করেন। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। পরে মেয়েটি পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বলে এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৩ সালের ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদি হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি রিনাত ফেরদৌসী রিনি।

মাহফুজ রহমান/এসজেডএইচ