বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ।

সাক্ষাৎকালে তুর্কি প্রতিনিধি দল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে অভিনন্দন জানায়। একই সঙ্গে বাংলাদেশের প্রতি তুরস্ক সরকারের শুভেচ্ছা ও অব্যাহত সহযোগিতার আশ্বাস ব্যক্ত করে।

রাষ্ট্রদূত রামিস শেন বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি, বাংলাদেশে তুর্কি বিনিয়োগের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এ সময় ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে দেশের জ্বালানি খাতে, বিশেষত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও সংশ্লিষ্ট খাতে তুরস্কের আরও সক্রিয় অংশগ্রহণের প্রতি সরকারের আগ্রহের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জ্বালানি খাতে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকের শেষে রাষ্ট্রদূত রামিস শেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। জবাবে সুবিধাজনক সময়ে দ্রুত তুরস্ক সফরের আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।

The post জ্বালানি খাতে তুরস্ককে আরও বিনিয়োগের আহ্বান জানাল বাংলাদেশ appeared first on ZoomBangla.