নবায়নযোগ্য জ্বালানি শুধু বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়- এটি মানুষের জীবন, কাজ, আয়, নিরাপত্তা ও অধিকারের সঙ্গে সরাসরি যুক্ত। তাই খসড়া জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র এবং রুফটপ সোলার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নির্দেশিকায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি (উই) প্রকল্পের উদ্যোগে ‘জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে জ্বালানি-খাতের নীতি ও নীতিগত উপকরণসমূহের পর্যালোচনা’ শীর্ষক নীতি সংলাপে (পলিসি ডায়লগ) অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। সংলাপে মানুষের জন্য ফাউন্ডেশনের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামসের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাত সম্পর্কিত খসড়া কৌশলপত্র ও নির্দেশিকায় নারী উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ এখনো যথেষ্টভাবে আসেনি।







