ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সরকার স্থানান্তর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে; কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি- এ ব্যাপারে আপনাদের বক্তব্য কী? জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছি। জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্য বা সবকিছু মিলে প্রথম কথাটা হচ্ছে, এই ভাস্কর্যটা কিন্তু কমপ্লিট হয়নি। এটার (কাজ) ২০১৯-২০ সালের দিকে শুরু হয়েছিল, এটা হয়নি।’

তিনি বলেন, ‘এ ভাস্কর্য নিয়ে দুটো অভিযোগ পাওয়া গেছে, আমি প্রশাসনের কাছ থেকে যেটা জানলাম। একটা হচ্ছে এখানে হামিদুর রহমানের যে আবক্ষ মূর্তি আছে, তার যে ফেস- সেটার সঙ্গে মেলেনি। আর দ্বিতীয় হচ্ছে, এটা যে ইন্টারসেকশনে আছে, এটা গাড়ি চলাচলের ক্ষেত্রে মারাত্মক অবস্ট্রাকশন (প্রতিবন্ধকতা) তৈরি করছে। এটা অনেক উঁচু বেদিতে তৈরি হয়েছে। এটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে। আমি এটা ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি। কারণ আমিও প্রাথমিকভাবে শকড হয়েছি যে এটা কেন হবে।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘এটার সঙ্গে কিন্তু এই যে জঙ্গিরা ভেঙে ফেলছে, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই।’

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে- এটা এখানে না থাকলেও ওনার অবয়ব, ওনার ফেস যেন ঠিকমতো বোঝা যায় এবং খুব ভালোভাবে আরেকটা ওনার আবক্ষ ভাস্কর্য এবং সঙ্গে মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন।’

এই স্থানান্তরটা কি সরকার করছে? জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘সরকার করছে।’

১৭ বছরের ভেঙে পড়া কাঠামো নিয়ে কাজ করছি, ধৈর্য ধরতে হবে

দীর্ঘ ১৭ বছরে প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে যে কাঠামোগত দুর্বলতা তৈরি হয়েছে, তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি ভেঙে পড়া প্রশাসনিক কাঠামো নিয়ে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনেক বেশি হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে।’

আরও পড়ুন

তথ্য উপদেষ্টা / কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী

এই উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় প্রশাসনের মধ্যে যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা পরিবর্তন করা বড় চ্যালেঞ্জ। জনগণের বিপুল সমর্থনের কারণে সরকারের প্রতি প্রত্যাশাও অনেক বেড়েছে।’ 

সেই প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

বিচারবহির্ভূত হত্যা ও গুমের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা, গুম বা আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘রাষ্ট্রের কাজ হলো আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা। কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিচার আদালতের মাধ্যমে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া বা রাষ্ট্রের নামে বেআইনি বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

শিগগির তথ্য কমিশন গঠন 

তথ্য কমিশন গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘আইন অনুযায়ী নির্বাচন কমিটির কার্যক্রম শেষপর্যায়ে। খুব শিগগির তথ্য কমিশন গঠন করা হবে। একই সঙ্গে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে অন্যান্য সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোকেও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য কমিশনের ভূমিকা আরও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি।

মোংলায় ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ তদন্ত হবে

মোংলা থেকে এক ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে সরকার গুরুত্ব সহকারে তদন্ত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগটি সরকারের নজরে এসেছে এবং বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। যদি কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে থাকেন, তাকে উদ্ধারে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার কোনো ধরনের গুম বা অপহরণে প্রশ্রয় দেয় না। এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

অপতথ্য-সাইবার বুলিং রোধে চলতি সপ্তাহেই আইনজীবী প্যানেল গঠনের প্রজ্ঞাপন

সরকারি সেবা আরও সহজ ও দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ১০টি সেবা এক প্ল্যাটফর্ম থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায়ও সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে নাগরিকদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না, এক স্থান থেকেই প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।’

প্রবাসীদের জন্য চালু হচ্ছে ১০ নতুন সেবা

প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ১০টি সেবা চালুর পরিকল্পনা করেছে সরকার। আগামী বছরের জুনের মধ্যে এসব সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘ব্যাংকিং, কল্যাণ, তথ্যসেবা এবং প্রশাসনিক বিভিন্ন সুবিধা সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি ও তাদের পরিবারের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।’

খাদ্য উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত সবাইকে নিবন্ধনের আওতায় আনা হবে

দেশের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে আমদানি, সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণের সঙ্গে জড়িত সবাইকে সরকার নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানো হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাজার তদারকি আরও জোরদার করা হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।

পাঁচ মাসে সংস্কার, জবাবদিহি ও সেবার ওপর জোর দিয়েছে সরকার

এই উপদেষ্টা বলেন, ‘দায়িত্ব গ্রহণের পাঁচ মাসে প্রশাসনিক সংস্কার, জবাবদিহি প্রতিষ্ঠা, সেবা সহজীকরণ, নিরাপদ খাদ্য, বিনিয়োগ, প্রবাসী সেবা, পরিবেশ সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার মতো বিষয়গুলোকে সরকার অগ্রাধিকার দিয়েছে।’

তিনি বলেন, ‘তথ্য কমিশন গঠন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নাগরিক সেবা সহজ করার মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন চলছে।’

আরও পড়ুন

তথ্য উপদেষ্টা / সংবিধান সংশোধনের মাধ্যমেই বড় পরিবর্তন সম্ভব, প্রয়োজনে গণভোটও হতে পারে

একই সঙ্গে তিনি স্বীকার করেন, দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সময় লাগবে। তবে সরকার জনগণের প্রত্যাশা পূরণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

পুলিশকে কাজের সুযোগ দিতে হবে, তবে অপরাধীদের বিচার হবে

জাহেদ উর রহমান বলেন, ‘জুলাইয়ের ঘটনার পর পুলিশের প্রতি মানুষের আস্থায় যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে বাহিনীকে পেশাদারভাবে কাজের সুযোগ দিতে হবে।’

তিনি বলেন, ‘যেসব পুলিশ সদস্য অপরাধ করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পুরো পুলিশ বাহিনীকে অপরাধী হিসেবে দেখা উচিত নয়।’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যকর ভূমিকা অপরিহার্য। তাই জবাবদিহি পাশাপাশি বাহিনীকে স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশও নিশ্চিত করতে হবে।’

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্ত পরিবারের দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবির বিষয়ে সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা বিভিন্ন দাবি জানিয়েছেন। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন, ক্ষতিপূরণ এবং নিহতদের মর্যাদা সংক্রান্ত বিষয়ও রয়েছে। সুযোগ হলে বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছেও তুলে ধরা হবে।’

জাহেদ উর রহমান বলেন, ‘কোনো অর্থই একটি পরিবারের ক্ষতি পূরণ করতে পারে না। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখা হচ্ছে।’

আরএমএম/ইএ