চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) মঙ্গলবার বেলা ১১টায় নগরের আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টার প্রাঙ্গণে এই সমাবেশ করে। সমাবেশ শেষে বন্দর অভিমুখে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল থেকে স্লোগান দেন ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড।’
জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত। সমাবেশ শেষে বাদামতলি থেকে শুরু হয়ে বন্দর অভিমুখে মিছিল শুরু হয়। মিছিলটি বিল্ডিং মোড়ে থামিয়ে দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীরা ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’, ‘রক্ত দেব, জীবন দেব, এনসিটি-সিসিটি দেব না’, ‘দেশের বন্দর দেশের হাতে রাখতে হবে’ এ ধরনের স্লোগান দেন। এতে জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, এনসিটি ও সিসিটি দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব টার্মিনাল দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে রাষ্ট্রের আর্থিক স্বার্থ, কর্মসংস্থান এবং শ্রমিকদের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দর নিজস্ব সক্ষমতায় পরিচালিত হয়ে রাষ্ট্রকে উল্লেখযোগ্য রাজস্ব দিচ্ছে। বন্দরের আধুনিকায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন এবং দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনাতেই সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।








