জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একই সঙ্গে কাস্টমস হাউজ ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করবে না। কাস্টমস ও বন্দরের কার্যক্রমও দিনভর বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বাণিজ্য শুরু হবে।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা অন্যান্য দিনের মতোই যাতায়াত করতে পারছেন।বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, সরকারি ছুটির কারণে আজ বন্দরে পণ্য খালাস বা লোড-আনলোড বন্ধ থাকবে। তবে ভারতীয় খালি ট্রাকগুলো চাইলে আজই ফিরে যেতে পারবে। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে সব কার্যক্রম শুরু হবে।উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য আমদানি হয় এবং বাংলাদেশ থেকে ৫০ থেকে ১২০ ট্রাক পণ্য রপ্তানি হয়। এ বন্দর থেকে সরকার প্রতিদিন গড়ে প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।\