জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা ও স্মরণসভার আয়োজন করেছে রাবি শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ যেভাবে বন্দুকের গুলির সামনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তা ইতিহাসে বিরল। এই আন্দোলনের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করেছি। কোথাও স্বাধীনতা, কোথাও হারানো অধিকার পুনরুদ্ধার এবং কোথাও বৈষম্য দূর করার সুযোগ সৃষ্টি হয়েছে।’

রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিলাম। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি।’

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন।

মিরাজ হোসেন/এসআর/জেআইএম