জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর নয়, এটি দেশের মানুষের অর্জন। এ আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে দলীয়করণ না করে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করতে হবে।
সোমবার (৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের জামাল খান এলাকার শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর কার্যালয়ে আয়োজিত ‘জুলাই বিপ্লবে শ্রমিকদের আত্মত্যাগ ও অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর এ সভার আয়োজন করে।
নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমিক, মেহনতি মানুষ ও সাধারণ জনগণের অংশগ্রহণ আন্দোলনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই আন্দোলনকে শুধু রাজনৈতিক ঘটনা হিসেবে নয়, জাতীয় গণজাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মূল্যায়ন করা উচিত।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাদের মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে নজরুল ইসলাম বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে চট্টগ্রামের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভবিষ্যতেও অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। আদর্শিক, সুশৃঙ্খল ও জনমুখী শ্রমিক আন্দোলনের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভায় জুলাই যুদ্ধে চট্টগ্রামে শহীদ ফারুক হোসেনর স্ত্রী,ছেলে,মেয়েও আহত আবদুল আজীজ, শাহাদাত হোসেন মানিক ও জাহাঙ্গীর মুহুরী উপস্থিত ছিলেন এবং তাদের আর্থিক সহায়তা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, জুলাই ঐক্য চট্টগ্রামের সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ, মুক্তিযুদ্ধ মন্ত্রনায়ল, চট্টগ্রাম জেলা প্রতিনিধি মাহবুবুল আলম, শ্রমিক কল্যাণ মহানগরীর সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।
এমআরএএইচ/এমকেআর








