জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভা আয়োজন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের গ্যালারি কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, আমি শাবিপ্রবি ক্যাম্পাসকে একটি সম্পূর্ণ বৈষম্যহীন, গণতান্ত্রিক, মেধাভিত্তিক এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এখানে এসেছি। আমরা সবাই এই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠন রয়েছে, যার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলও একটি। বিগত ১৭ বছর ধরে তাদের ওপর নানা ধরনের দমন-পীড়ন চলেছে। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময় আমি ছাত্রদল এবং অন্যান্য সংগঠনের পাশে ছিলাম।

ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, আমাদের প্রত্যাশা, ছাত্রদল সততা ও আদর্শকে ধারণ করবে এর কোনো বিকল্প নেই। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও কর্মধারা দেখছেন। তিনি একজন রোল মডেল। তিনি আচরণে বিনয়ী এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমাদেরও ভালো কাজ করতে হবে। আপনাদের কোনো ভালো আইডিয়া থাকলে অবশ্যই আমাদের জানাবেন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারে।

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান প্রমুখ।

এসএইচ জাহিদ/কেএইচকে