জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন অনিবার্য। শনিবার (২৫ জুলাই) সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে কথা বলেন তিনি।

এদিন গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশ কর্মসূচির সমাপনী আয়োজন করা হয়।

রাশেদ প্রধান বলেন, ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয়নি, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। যদি তা না হয়, তাহলে ওই বিএনপি সরকার, গাদ্দার সরকারও থাকবে না।

সমাবেশে বক্তব্যের শুরুতে বর্তমান সরকারের সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, ক্ষমতায় আসার পর পাঁচ মাস অতিবাহিত হলেও সিলেট অঞ্চল অবহেলিত রয়ে গেছে। প্রথম পাঁচ মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী পাঁচ বছরেও দেখাতে পারবে না।

আরও পড়ুন

বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে বাংলাদেশ অন্ধকারে ছিল: সংস্কৃতি মন্ত্রী

ভারত থেকে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জাগপা নেতা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন। আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি।

সংবিধান সংস্কার প্রশ্নে সরকারের সমালোচনা করে জাগপা নেতা বলেন, বর্তমান সরকার সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চাইছে, যা মেনে নেওয়া হবে না। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে এর কোনো বিকল্প নেই।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা।

আহমেদ জামিল/ এনএইচআর