জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে কোনো ধরনের গড়িমসি চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি নুরুল আমিন।
শনিবার (৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট এলাকায় ১১ দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশ শেষে একটি গণমিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, খুন, গুমসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।
নুরুল আমিন বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের রায় ও গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো টেকসই রাজনৈতিক সমাধানও সম্ভব হবে না।
সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের গণহত্যা, খুন, গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, এনসিপির চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল, জাগপার চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, এলডিপির চট্টগ্রাম মহানগরের সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ।
গণমিছিলে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যা, খুন ও গুমের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন অংশগ্রহণকারীরা।
এমআরএএইচ/এমএএইচ/








