জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার সংসদ ভবনে স্পিকারের কাছে ৫ দফাসংবলিত এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

পরে ন্যাম ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে জোটের শীর্ষ নেতারা বলেন, প্রায় ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় উপেক্ষা করে সংসদ চালানো হলে দেশ নতুন করে সংঘাতের দিকে যেতে পারে এবং প্রয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে ‘আরেকটি বিপ্লব’ ঘটানো হবে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের সামনে জুলাই শহীদ পরিবার, আহত ও পঙ্গত্ববরণকারীদের সঙ্গে নিয়ে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। আমরা স্পিকারকে বলেছি দেশের অভিভাবক হিসাবে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে গণভোটে রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করুন। স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত এই মানববন্ধনে দলগুলোর মধ্যকার নীতিগত ফারাক ও ক্ষোভ নতুন করে সামনে এসেছে। স্মারকলিপি প্রদানের সময় স্পিকারের সঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামাল উপস্থিত ছিলেন। ১১ দলীয় ঐক্যের পক্ষে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও শহীদ জাবির ইবরাহিমের মা ও সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য রোকেয়া বেগমসহ পাঁচজন নারী সংসদ-সদস্য উপস্থিত ছিলেন।

মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আবদুল ওহাব মিনারসহ জোটের অন্য শরিক দলের নেতারা উপস্থিত থেকে এ আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।