বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের প্রত্যয়, গণতন্ত্রের অঙ্গীকার ও নতুন বাংলাদেশ অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ড. ফরিদুল ইসলাম বলেন, ‘জুলাইয়ে আহতদের অভিজ্ঞতা ও কষ্টের কথা শুনে আমার হৃদয় সত্যিই ব্যথিত হয়েছে। আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়ে আমি আজকের বক্তব্য শুরু করতে চাই।’

উপাচার্য বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে জনগণের রায় এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা পাবে। আহতদের উদ্বেগ আমাদের সবার উদ্বেগ হওয়া উচিত। এ দেশের মাটিতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কখনো ফ্যাসিবাদের স্থান হবে না।’

দল-মত-নির্বিশেষে জুলাইয়ে অংশ নেওয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফরিদুল ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদ চব্বিশের আগস্টে বিদায় নিলেও তারা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলেই তারা শক্তি পাবে। এমন কোনো কাজ করা যাবে না, যেন ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।’

এ সময় জুলাই আন্দোলনে আহত মণিরাজ বলেন, আন্দোলনের ১৭ মাস পেরিয়ে গেলেও অনেক আহত ব্যক্তির সরকারি গেজেট প্রকাশ হয়নি। তাঁর দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হন এবং যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হোক।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম, জনসংযোগ দপ্তর প্রশাসক, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা, প্রাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।