জুলাই নিয়ে চট্টগ্রামের একদল তরুণের উদ্যোগে নির্মিত হয়েছে ডকুফিল্ম ‘জুলাই ডায়েরিজ’। গণঅর্থায়নে নির্মিত এ ডকুফিল্মের ট্রেলার প্রকাশ হয়েছে সম্প্রতি। ২০ জুলাই এটি দর্শকের সামনে নিয়ে আসার কথা জানিয়েছেন এর নির্মাতারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তরুণের উদ্যোগে নির্মিত হলেও দেশের বিভিন্ন প্রান্তের আরও অনেক তরুণ-তরুণী ক্যামেরার সামনে-পেছনে ভূমিকা রেখেছেন। ‘বোধ সংযোগ’ নামক সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্মের অধীনে নির্মিত এ ডকুফিল্মের নির্বাহী প্রযোজক ছিলেন সাইদুল ইসলাম ও পরিচালক ছিলেন লিখন দত্ত। কোনো একক প্রযোজনার বাইরে গিয়ে গণঅর্থায়নে এটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। এ প্রসঙ্গে লিখন দত্ত বলেন, ‘অর্থায়নের সঙ্গে নির্মাণে হস্তক্ষেপেরও একটা বিষয় চলে আসে। যেহেতু এটি রাজনৈতিক ডকুফিল্ম এবং আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বাইরে গিয়ে জনতার বয়ান তুলে ধরতে চেয়েছি, তাই গণঅর্থায়নের পথ বেছে নিই।’ ছবি প্রদর্শনীর পরিকল্পনা নিয়ে সাইদুল ইসলাম জানান, ‘এর অর্থায়ন কোনো একক ব্যক্তির পয়সায় হয়নি। প্রদর্শনীতেও সেই ধারা অক্ষুণ্ন রাখতে চাই।’