বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্প্রসারণ অব্যাহত থাকলেও জুন মাসে সেই গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের মে মাসের তুলনায় ৯ দশমিক ৯ পয়েন্ট কমে জুনে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) দাঁড়িয়েছে ৫২ দশমিক ৯-এ। একই সঙ্গে উৎপাদন ও নির্মাণ খাত আবারও সংকোচনে ফিরে গেছে। 

সম্প্রতি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) এর যৌথ উদ্যোগে প্রকাশিত জুন মাসের পিএমআই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, অর্থনীতির চারটি প্রধান খাতের মধ্যে উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) ও নির্মাণ খাত পুনরায় সংকোচনে ফিরে এসেছে। অন্যদিকে কৃষি ও পরিষেবা খাত সম্প্রসারণ ধরে রাখলেও প্রবৃদ্ধির গতি আগের তুলনায় কমেছে।

আরও পড়ুন

শক্তিশালী কৃষি উৎপাদনে অর্থনীতিতে সম্প্রসারণ অব্যাহত

কৃষি খাত টানা দশম মাসের মতো সম্প্রসারণে রয়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান ও ইনপুট খরচ সূচকে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও অর্ডার ব্যাকলগ টানা দ্বিতীয় মাস সংকুচিত হয়েছে।

উৎপাদন খাত টানা দুই মাসের সম্প্রসারণের পর আবার সংকোচনে ফিরে এসেছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কর্মসংস্থান, সরবরাহকারীর ডেলিভারি ও অর্ডার ব্যাকলগ সূচকে দুর্বলতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কারখানা উৎপাদন, ইনপুট ক্রয় ও আমদানি সূচক সম্প্রসারণে থাকলেও প্রবৃদ্ধির গতি কমেছে।

jagonews24মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করেছে/ফাইল ছবি

প্রতিবেদনে আরও বলা হয়, একইভাবে নির্মাণ খাতও আগের মাসের সম্প্রসারণ ধরে রাখতে পারেনি। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম ও কর্মসংস্থান সূচক আবার সংকোচনে নেমে এসেছে। তবে ইনপুট খরচ ও অর্ডার ব্যাকলগ সূচকে সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

পিএমআই সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল মিশন গ্রিন বাংলাদেশ

এদিকে পরিষেবা খাত টানা ২১তম মাসের মতো সম্প্রসারণ বজায় রেখেছে। যদিও নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান ও ইনপুট খরচের প্রবৃদ্ধি আগের তুলনায় ধীর হয়েছে। একই সময়ে অর্ডার ব্যাকলগের সংকোচন আরও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভবিষ্যৎ ব্যবসায়িক সূচক কৃষি, নির্মাণ ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে উৎপাদন খাতও আগামী মাসগুলোতে আবার সম্প্রসারণে ফিরতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন

অর্থনীতির সম্প্রসারণে গতি, পিএমআই সূচক বেড়ে ৬১.৮

এ বিষয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাসরুর রিয়াজ বলেন, জুন মাসের পিএমআই সূচক দেখাচ্ছে অর্থনীতি এখনো সম্প্রসারণের ধারায় রয়েছে, তবে বিভিন্ন খাতে প্রবৃদ্ধির মধ্যে স্পষ্ট বৈচিত্র্য রয়েছে। ঈদুল আজহার দীর্ঘ ছুটি, মৌসুমি বর্ষার শুরু এবং ঈদের আগে চাহিদা কমে যাওয়ার প্রভাব জুন মাসের ব্যবসায়িক কার্যক্রমে পড়েছে।

এসএম/এমএমকে