কচুয়ায় ফাতেমা বেগম হত্যার মূল আসামি ইয়াছিন মিয়াজীকে ঘটনার ছয় ঘণ্টার মধ্যে স্বর্ণালংকারসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে থানার ওসি মো. আজিজুল ইসলাম নিজ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। ওসি বলেন, রোববার গভীর রাতে উপজেলার বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে বৃদ্ধা ফাতেমা বেগমের ঘরে একই গ্রামের বখাটে ইয়াছিন মিয়াজী সিঁধ কেটে প্রবেশ করে তার গলার ও কানের স্বর্ণ নেওয়ার সময় টের পেয়ে বৃদ্ধা বাধা দিলে তাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় ইয়াছিন। পরদিন সন্দেহভাজন হিসাবে তাকে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুসারে তার ঘর থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন বৃদ্ধাকে হত্যার কথা শিকার করেছে। এ ঘটনায় নিহতের ছেলে মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
এদিকে ঘাতক ইয়াছিন মিয়াজীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে বেরকোটা গ্রামের মিয়াজী বাড়ির সামনে থেকে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করে উত্তর বেরকোটা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবির মিয়াজী, বিএনপি নেতা মোতালিব প্রধান, আব্দুল হান্নান, আব্দুল মতিন, নিহতের ছেলে শাখাওয়াত হোসেন, জামাতা মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।








