কক্সবাজারের উখিয়ায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেতাকে আটক করেছে কোস্ট গার্ড। সংস্থাটির দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
আটক মো. হাফেজ উল্লাহ (৬৩) টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কোস্ট গার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইনানীর একটি বিশেষ দল উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সন্দেহভাজন যাত্রী মো. হাফেজ উল্লাহর কোমরে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া ইয়াবা এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, এর আগেও মাদক পাচারের অভিযোগে হাফেজ উল্লাহ আটক হয়েছিলেন। ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে র্যাব-৭ তাকে আটক করে। সে সময় তার ব্যবহৃত একটি ট্রলি ব্যাগ থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল ১৬ লাখ টাকা।








