কুষ্টিয়ার কুমারখালীতে বাদশা শেখ (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগানে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
বাদশা শেখ সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে ও স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য হেলাল শেখ জানান, বাদশা শেখ সম্পর্কে তার ফুফাত ভাই। প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কুমারখালী বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।








