কলমাকান্দায় চুরির অভিযোগে এক শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় জড়িত গ্রাম পুলিশ রতন রবি দাশকে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনার দুই মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জানা যায়, সোমবার বিকালে পাঁচগাঁও বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুল মান্নানের দোকান থেকে টাকা চুরি হয়। বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের জানালে তারা বলেন, ওই শিশুকে দোকানের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরে শিশুটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গ্রাম পুলিশ রতন রবি দাশ শিশুটিকে ন্যাড়া করে বাজার ঘুরিয়ে ছেড়ে দেয়। অভিযুক্ত রতন বলেন, উপস্থিত লোকজন ১০০ টাকার বিনিময়ে তার মাথা ন্যাড়া করে দিতে বলে। এসআই সজল সরকার বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।