গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর বাড়িতে সেলাই করা কাপড় পৌঁছে দিতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে প্রতিবেশী হানিফ দেওয়ানের (৪০) বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।ভুক্তভোগী শিশুটি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত হানিফ দেওয়ান উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের দেওয়ানবাড়ী এলাকার বাসিন্দা।মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা ঘরে সেলাইয়ের কাজ করেন। গত ১৮ জুন বিকেলে প্রতিবেশীর সেলাই করা একটি কাপড় পৌঁছে দিতে হানিফ দেওয়ানের বাড়িতে যায় ওই শিশু। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে হানিফ শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি ও হুমকি দিয়ে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।পরিবারের সদস্যরা জানান, ভয় ও আতঙ্কে শিশুটি প্রথমে ঘটনাটি কাউকে জানায়নি। তবে কয়েক দিন ধরে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (৭ জুলাই) তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি সব কথা খুলে বলে। এরপর আজ থানায় মামলা করেন শিশুটির বাবা।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।/